লাগাতার আকাশসীমা লঙ্ঘন করছে চিন এই বলে অভিযোগ তাইওয়ানের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় ৪টি জেএইচ-৭, ২ টি সুখোই ৩০ এবং ২টি জে-১১ সহ মোট ৮টি চিনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা লঙ্ঘন করেছে।
ঘোষিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। চিনা যুদ্ধবিমান এবং রণতরীর ভয়ে তাইওয়ান প্রণালীতে বাণিজ্যিক উড়ান এবং নৌচলাচল কার্যত বন্ধ। তাইওয়ানের দাবি, তাইওয়ান প্রণালীতে মোতায়েন ৫টি চিনা যুদ্ধজাহাজ এবং ২১টি যুদ্ধবিমানের গতিবিধি তাদের নজরে রয়েছে।
চিনা বিমানবাহিনীর সবচেয়ে শক্তিশালী ‘স্টেলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার’ জে-২০ যুদ্ধবিমানও তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা হয়েছে বলে পশ্চিমী সংবাদমাধ্যমের খবর। ইহাকে তাইওয়ানে দ্রুত চিনা সেনা মোতায়েনের পদক্ষেপ বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা।
এ মাসের শুরুতেই আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এখনও চলছে অঞ্চলটিতে।